
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-বন্ধুত্বের আড়ালে জমেছিল বিরোধ, আর সেই বিরোধের পরিণতি হলো ভয়াবহ হত্যাকাণ্ড! মাদককেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালামের ছেলে তরিকুলকে। বন্ধুর বাসায় বসেই হত্যার পরিকল্পনা করা হয়। সাত দিন পর সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। গত ৫ নভেম্বর বাড়ি থেকে কিছুটা দূরে তরিকুলকে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে আসছে তদন্তে। মামলার দুই সন্দেহভাজন আসামি সজল ও রাতুলকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের দাবি, তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যায় অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত তরিকুল পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। সজল, তরিকুল, রাতুল ও বাইতুল—চারজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে চলাফেরা করতেন। অভিযোগ রয়েছে, বাইতুল মাদককারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং অন্য তিনজন মাদক সেবন করতেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই বিরোধ আরও প্রকট হয়ে ওঠে।সূত্রগুলোর দাবি, হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে বন্ধু বাইতুলের স্ত্রী ৪০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হন। এ ঘটনায় তরিকুলের প্রতি সন্দেহ তৈরি হয় অন্য তিন বন্ধুর মধ্যে। সেই সন্দেহ ও মাদককেন্দ্রিক বিরোধ থেকেই হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ অক্টোবর সজলের বাসায় বসে তরিকুলকে হত্যার পরিকল্পনা করেন রাতুল। এরপর সুযোগের অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনিক ব্যস্ততার মধ্যে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে অভিযোগ উঠেছে। বাড়ি থেকে কিছু দূরে তরিকুলকে হত্যা করে দুর্বৃত্তরা।মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসীম বিশ্বাস বলেন, তরিকুল প্রায়ই বন্ধুদের সঙ্গে মাদক সেবন করতেন। ৭ নভেম্বর রাতে নিহতের স্ত্রী পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। এতে সজল ও রাতুলের নাম রয়েছে। ঘটনাস্থলে থাকা সজল ও রাতুলকে ৬ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রথমে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে গত বৃহস্পতিবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অপূর্ব সজল ও রাতুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।তদন্ত কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আদালতে সজলের স্ত্রী সাক্ষ্য দিয়েছেন। তদন্তে নতুন নতুন বিষয় সামনে আসছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের মোটিভ খুব পরিষ্কার। দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই শুটারকে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে।মাদককে কেন্দ্র করে বন্ধুত্বের সম্পর্ক কীভাবে হত্যার মতো ভয়াবহ পরিণতিতে পৌঁছাল, কারা ছিলেন পরিকল্পনার নেপথ্যে এবং কারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। রিমান্ডে থাকা দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ এবং শুটারদের গ্রেপ্তারের মধ্য দিয়ে তরিকুল হত্যার পুরো রহস্য উন্মোচিত হবে বলে আশা তদন্তসংশ্লিষ্টদের।
