
নিজস্ব প্রতিনিধী :-খুলনার
খুলনার খানজাহান আলী থানাধীন অ্যাজাক্স জুট মিলে চোর সন্দেহে সম্রাট ঢালী (৩৫) নামে এক যুবককে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, মিলের নিরাপত্তাকর্মীদের মারধরের একপর্যায়ে তিনতলা থেকে পড়ে গিয়ে সম্রাট গুরুতর আহত হন। নিহত সম্রাট ঢালী মীরেরডাঙ্গা এলাকার ফুলবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবর ঢালী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে সম্রাটসহ তিনজন খানজাহান আলী অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করেন। এ সময় নিরাপত্তাকর্মীরা সম্রাটকে আটক করেন। তাঁর সঙ্গে থাকা অপর দুজন সেখান থেকে পালিয়ে যান। এরপর সম্রাটকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।স্বজনদের দাবি, মারধরের একপর্যায়ে সম্রাট তিনতলা থেকে পড়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাঁকে প্রিজন সেলে রাখা হয়। পরবর্তী সময়ে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
