
নিজস্ব প্রতিনিধী খুলনা:-
ইন্টারনেটের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার হামলার অনুকরণে পরীক্ষা চালাতে বিশেষ দল গঠন করছে জাপান। দেশটির শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া শুক্রবার (২৩ অক্টোবর) এ উদ্যোগের কথা জানান। প্রযুক্তিব্যবস্থার দুর্বলতা শনাক্ত করে সেগুলো ঠিক করার মাধ্যমে সম্ভাব্য সাইবার হামলা ঠেকানোই এ উদ্যোগের লক্ষ্য।চলতি সপ্তাহে পিএইচপির গুরুতর নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশের পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা লাখ লাখবার হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি সামাল দিতে অনেক ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। কেউ কেউ সাময়িকভাবে নিজেদের ব্যবস্থা বন্ধ রাখে।জাপানের শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া শুক্রবার বলেন, নিরাপত্তাব্যবস্থার একটি দুর্বল ফাঁক দিয়েই হামলাকারীরা সফল হতে পারে। এ কারণে আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে এবং হামলাকারীর দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে হবে। যাঁরা নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছেন, তাঁদেরও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে এবং আগেভাগে পদক্ষেপ নিতে হবে, যাতে হামলাকারীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা যায়।তবে টোকিওভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসঅ্যান্ডজে করপোরেশনের প্রধান নোবুও মিওয়া সরকারের পদক্ষেপকে ধীর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটা যেন বাঁশের বর্শা নিয়ে বোমারু বিমানের মোকাবিলা করার চেষ্টা।
