
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও থানা হাজত থেকে আব্দুল্লাহ নামের ১৪ বছর বয়সী এক কিশোরের পালিয়ে যাওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে প্রস্রাব করার কথা বলে হাজত থেকে বের হয়ে কৌশলে পালিয়ে যায় সে। ঘটনার পর থেকে তাকে পুনরায় আটক করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।এদিকে থানার মতো সুরক্ষিত স্থান থেকে আটক ব্যক্তির পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দায়িত্ব পালন ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ঈদগাঁও থানা প্রশাসনকে জরুরি ভিত্তিতে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন উপজেলার বিভিন্ন মহল।পলাতক কিশোর আব্দুল্লাহ ইসলামাবাদ বোয়ালখালী গ্রামের কালুর ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিনের বেলায় ৩০ লিটার মদসহ তাকে আটক করা হয়েছিল।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার কিশোরের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে প্রস্রাব করার কথা বলে হাজত থেকে বের হয়ে কৌশলে পালিয়ে যায় সে। এরপর থেকে তাকে পুনরায় আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। ওসি বলেন, পলাতক ব্যক্তিকে আসামি হিসেবে উল্লেখ করা যাবেনা। তাকে কিশোর হিসেবে উল্লেখ করতে হবে, কারণ তার বয়স ১৪ বছর।স্থানীয় সূত্র মতে, বৃহস্পতিবার রাত থেকে থানার পূর্ব পাশের গজালিয়াসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার দিনের বেলায় ইসলামপুরের খানঘোনাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকে। প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরকে আটকের অভিযান চলছিল।স্থানীয় অনেকের ধারণা, মাদক সিন্ডিকেট কিংবা কোন প্রভাবশালী চক্রের সঙ্গে থানার অভ্যন্তরের কারও যোগসাজশে কৌশলে এ ঘটনা ঘটতে পারে।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং পুলিশের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে ঈদগাঁও থানা প্রশাসনকে জরুরি ভিত্তিতে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন উপজেলার বিভিন্ন মহল।
