
নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।“রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে ১৬ আগস্ট ২০২৬ তারিখে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি ও আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।পোনা মাছ অবমুক্তকরণ শেষে পাশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ, স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন তিনি।বক্তব্যে পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে মুনিয়ারিকান্দি ও গফরগাঁওয়ের দত্তেরবাজার সেতু নির্মাণে প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর মৎস্য সম্পদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
