
জি. এম. ফিরোজ, ডুমুরিয়া (খুলনা):ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬- উপলক্ষে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয় সাংবাদিক মহলে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে সিনিয়র সাংবাদিক জি. এম. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, শেখ মাহতাব হোসেন, এম. এ. এরশাদ, মো. আনোয়ার হোসেন আকুঞ্জী, এস. এম. জাহাঙ্গীর আলম, মো. বিলায়েত হোসেন, শেখ হাবিবুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক।সভা শেষে সর্বসম্মতিক্রমে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এম. এ. এরশাদকে। কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনোয়ার হোসেন আকুঞ্জী ও এনামুল বাসার টিটো।ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী ঘোষণা এবং ১৪ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব উঠে আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সাংবাদিকদের।
