
জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:
গাজীর গানের আসর মাতানো লোকশিল্পী মো. মজাম গাজী (৫৭) আর নেই। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকাল ১০টার দিকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ডুমুরিয়ার লোকসংস্কৃতি অঙ্গন ও শান্তিনগর গুচ্ছগ্রামে নেমে এসেছে শোকের ছায়া।মোঃ মজাম গাজী দীর্ঘদিন ধরে পেশায় সোনামেয়ের সঙ্গে গাজীর গানের গাজী হিসেবে বিভিন্ন আসরে অভিনয় ও গান পরিবেশন করে দর্শকদের বিনোদন দিয়ে আসছিলেন। লোকজ সংস্কৃতির এই শিল্পী তাঁর নিজস্ব পরিবেশনা ও অভিনয়ের মাধ্যমে স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেন।মঙ্গলবার আসর বাদ থুকড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে ১২ নম্বর রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল, ইউপি সদস্য পারভীন আক্তার, ইউপি সদস্য গোলাম রব্বানী, বিএনপি নেতা জি. এম. মোস্তাফিজুর রহমান, বি. এম. সামিউল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আব্দুল গফফার মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।গাজীর গানের আসরে তাঁর কণ্ঠ ও অভিনয়ের স্মৃতি স্থানীয় মানুষের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।
