
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুরে এই প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নির্মিত হচ্ছে বিশেষ আলেখ্য ‘ত্রিনয়নী মহামায়া’। কেশবপুরের সাংস্কৃতিক সংগঠন চারুপীঠ একাডেমির উদ্যোগে সংগঠনের শিক্ষার্থীদের নিয়ে ওই স্বল্পদৈর্ঘ্যের বিশেষ আলেখ্য অনুষ্ঠানটির শুটিং চলছে। দেবী দুর্গার আগমন উপলক্ষে বিশেষ এই আলেখ্য অনুষ্ঠান ‘এিনয়নী মহামায়া’তে দেখানো হয়েছে, দশভূজার আগমনী সংগীত, গুরুগৃহ, নবরুপ, উমা, মহিষাসুর বদ ও পূজার দৃশ্য। দীর্ঘ তিন মাস অনুশীলনের পর শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এ নাটিকার শুটিংয়ে অংশ নিয়েছে একাডেমির শিক্ষার্থীরা। বড় ধরনের বাজেট ছাড়াই চারুপীঠের শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় উপকরণ তৈরি করাসহ সাজসজ্জার কাজ করেছে। তাদের এমন ব্যতিক্রম আয়োজন প্রশংসা কুড়িয়েছে। স্বল্পদৈর্ঘ্য এ নাটিকায় দুর্গা চরিত্রে অভিনয় করেছে দীপান্বিতা মিত্র গল্প, অসুর চরিত্রে ডানা মন্ডল, নবরুপের চরিত্রে গোধূলী সেন, প্রত্যয়ী ঘোষ, স্বর্ণা অধিকারী সমৃদ্ধি মজুমদার, দীপান্বিতা মিত্র, কৃষ্ণা মন্ডল, ডানা মন্ডল, অঙ্কিতা বিশ্বাস ও শুভশ্রী সরকার। এ ছাড়া উমা চরিত্রে স্নেহা চৌধুরী ও পুরোহিত চরিত্রে গোপাল কৃষ্ণ মুখার্জিসহ চারুপীঠের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বিশেষ এই আয়োজনে। ত্রিনয়নী মহামায়া’র চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। সহযোগী পরিচালক হিসাবে কাজ করেছেন, শ্রাবন্তী রায়, মৌসুমী সরকার ও স্বর্ণা অধিকারী।প্রযোজনায় থাকছে কেশবপুর চারুপীঠ একাডেমি।চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে বলেন আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, শনিবার মহালয়া দিন সকালে এটি কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা সম্প্রীতি মন্দির চত্বরে উদ্ধোধন হবে এবং কেশবপুরের বিভিন্ন পূজা মন্ডপে দেখানো হবে। এই ধরণের আয়োজন কেশবপুরে এই প্রথম।চারুপীঠ একাডেমি সভাপতি ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক তাপস মজুমদার বলেন, শিক্ষার্থীদের এই ধরণের সৃজনশীল কাজ দেখে আমি মুগ্ধ। আগামীতে চারুপীঠ একাডেমির এই ধরণের কাজ অব্যাহত থাকবে। সবার সহযোগীতা কামনা করছি।
