
অনুপম মল্লিক, আড়ংঘাটা (খুলনা) প্রতিনিধি:
বিদ্রোহ, সাম্য, মানবতা ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টিশীল চেতনাকে ধারণ করে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ উদযাপন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কলেজের অধ্যক্ষ সমরেশ মন্ডল। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক সমরেশ বাড়ই, সহকারী অধ্যাপক রঞ্জন বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রভাষক তনময় বাছাড় এবং সহকারী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস।আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিক তারুণ্যের বাতিঘর। তাঁর সাহিত্য, গান ও জীবনদর্শন নতুন প্রজন্মকে সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস জোগায় এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দেয়। বক্তারা আরও জোর দিয়ে বলেন, নজরুলের চেতনাকে তরুণদের হৃদয়ে স্থায়ী করতে কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে ধারণ করতে হবে।দিনটি উপলক্ষে আয়োজিত বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, সাহিত্যভিত্তিক একক অভিনয়, নজরুল সঙ্গীতভিত্তিক একক নৃত্য এবং ‘তারুণ্য ও নজরুল’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রতিযোগিতা করার সুযোগ পায়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত পরিবেশনায় উঠে আসে কবি নজরুলের দ্রোহ ও প্রেমের আবহ, যা উপস্থিত দর্শক ও অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে।
