
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুরে মাহে ১২ রবিউল আউয়াল বিশ্ব শান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর জন্মদিন (ঈদ-ই-মিলাদুন্নবী) উপলক্ষে হামদ্/না’ত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশীদ-এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়াজেদ খান ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর সাঈদুর রহমান সাঈদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেশবপুর প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন। আলোচনা সভা শেষে হামদ্/না’ত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পরে বিশ্ব শান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান।বক্তারা বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর দিনটি সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের। আমাদের প্রিয় নবী ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে একই দিনেই তিনি ইন্তেকাল করেন। মহানবীর আগমনের আগে আরব জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে নানা অনৈতিক কাজ ও বিশৃঙ্খলায় লিপ্ত ছিল। আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকার দূর করে হযরত মুহাম্মদ (সাঃ) মানুষকে আলোর পথ দেখান এবং সত্য সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। মহানবী শান্তির ধর্ম ইসলাম ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন। তিনি ৪০ বছর বয়সে হেরা পর্বতের গুহায় নবুয়াত লাভ করেন।হযরত মুহাম্মদ (সাঃ) আমাদের জীবনের পথ প্রদর্শক। ধর্মীয় ও পার্থিব জীবনে তাঁর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। এছাড়া কেশবপুরের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
