
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ১৫১ শয্যাবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে প্রেরিত চিঠির মাধ্যমে এই দাবি জানানো হয়।চিঠিতে উল্লেখ্য যে, ২০২১ সালে গঠিত ঈদগাঁও উপজেলায় এখন পর্যন্ত কোন পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল না থাকায় স্থানীয় জনসাধারণকে জরুরী চিকিৎসার জন্য দীর্ঘপথ পাড়ি দিয়ে দূর বর্তী স্থানে যেতে হচ্ছে, যা এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জনদুর্ভোগ লাঘব ও স্থানীয় জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি নীতিমালা অনুযায়ী একটি ১৫১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন অত্যন্ত জরুরী ও সময়ের দাবি।এলাকাবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহলের সদয় হস্তক্ষেপ এবং কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। জনহিতকর পদক্ষেপে ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
