
আবিদুর রহমান আলিফ
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘রিভাইজড পোস্ট-গ্রাজুয়েট অর্ডিন্যান্স, মিড-টার্ম এক্সাম এন্ড ট্রেসার স্টাডি’ শীর্ষক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, পোস্ট-গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক নীতিমালা ও মূল্যায়ন পদ্ধতিকে সময়োপযোগী করা জরুরি। রিভাইজড পোস্ট-গ্রাজুয়েট অর্ডিন্যান্সের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও মানসম্মত হবে। একইসঙ্গে মিড-টার্ম পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শেখার অগ্রগতি মূল্যায়নের সুযোগ তৈরি হবে। অন্যদিকে ট্রেসার স্টাডির মাধ্যমে গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে কেমন করছে,এসব তথ্য কাজে লাগিয়ে কারিকুলাম ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক লিডার হিসেবে ডিন ও ডিসিপ্লিন প্রধানদের কার্যকর নেতৃত্ব দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, অ্যাক্রেডিটেশনের মূল লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা। এজন্য সিলেবাসও বিশ্বমানের হতে হবে এবং পুরো সিলেবাস নিয়মিত আপডেট করতে হবে। তিনি বলেন, মিড-টার্ম পরীক্ষা সময়োপযোগী ও প্রয়োজনীয়।এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, নিয়ম-পদ্ধতির ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে রয়েছে। প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়ন করা হয়েছে। এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিএনকিউএফ-এর ফ্রেমওয়ার্ক অনুসরণ করে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। পরবর্তীতে শিক্ষা ব্যবস্থায় আরও নতুন নতুন পদ্ধতি যুক্ত হয়েছে।আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন-১-এ ‘শেয়ারিং প্রোপোজড পোস্ট-গ্রাজুয়েট অর্ডিন্যান্স’ শীর্ষক সেশন পরিচালনা করেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-নাহিদ।টেকনিক্যাল সেশন-২-এ ‘মিড-টার্ম পলিসি ভ্যালিডেশন’ এবং ‘ডিজাইনিং ট্রেসার স্টাডি টুলস ইফেক্টিভলি: এনহ্যান্সিং গ্রাজুয়েট আউটকাম মেজারমেন্ট এন্ড ইনস্টিটিউশনাল ফিডব্যাক’ শীর্ষক সেশন পরিচালনা করেন দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মোরসালিন বিল্লাহ।রিক্যাপ ও সমাপনী সেশন পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনের প্রধান, হলের প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা অংশগ্রহণ করেন।
