
আবিদুর রহমান আলিফ:
দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন প্রক্রিয়ার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন: এন্ট্রাপ্রেনিউরশিপ, ইনোভেশন এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা। অন্যদিকে শিল্পখাত বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিকে বাস্তব প্রয়োগের মাধ্যমে উৎপাদন, উদ্ভাবন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে রূপান্তর করে। তাই দক্ষতাভিত্তিক জ্ঞান উন্নয়নে ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ সম্ভবত প্রথমবারের মতো নেওয়া হয়েছে। বর্তমান সরকারও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জুলাইয়ের চেতনা ধারণ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শিক্ষাখাতের উন্নয়নে তাঁর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভিন্ন একাডেমিক অফিসের পরিচালক, হল প্রভোস্ট, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
