
ডেস্ক :
রাজধানীর শাহবাগ এলাকায় সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান, অপপ্রচার এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদ ও সংগ্রামীদের নিয়ে কটূক্তির অভিযোগে ‘নতুন ধারা বাংলাদেশ’ নামক সংগঠনের চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানায় মামলাটি করেন বাবুল সরদার।মামলা সূত্রে জানা যায়, শান্তা ফারজানাসহ ৬ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, উসকানিমূলক কর্মসূচি, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।*এজাহারে যা বলা হয়েছে*মামলার বাদী বাবুল সরদার দাবি করেন, গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নতুন ধারা বাংলাদেশ’র নেতাকর্মীরা সমাবেশ ও মিছিল করেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করেন।মামলায় আরও বলা হয়, সমাবেশ চলাকালে বাদী, এসটিএফের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে শান্তা ফারজানার নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, এসএস পাইপ, হকিস্টিক ও চেয়ার নিয়ে হামলা চালান। এতে জুলাই আন্দোলনের কর্মী মহসিন, আশরাফুল ও তাওহিদ গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া আল নূর মোহাম্মদ আয়াসকে হত্যার উদ্দেশ্যে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মামলায় আরও অভিযোগ করা হয়, ‘নতুন ধারা বাংলাদেশ’র নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টেলিগ্রামের মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালানো এবং জুলাই আন্দোলন ও এর শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে।আসামিরা হলেন:শান্তা ফারজানা (৩৬), মোমেন মেহেদী (৪০), নূরজাহান নূরী (৪০), হরি সরকার (৩৬), মনিরুজ্জামান (৪৭) ও আফতাব মন্ডল (৪০)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।বাদীর ভাষ্য, আহত ব্যক্তির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। পরে শাহবাগ থানায় লিখিত এজাহার জমা দেওয়া হয়।
