
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন,নগদ অর্থের চেক,শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় ঈদগাঁও উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ উপজেলা বিএনপি, মহিলা দল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ঈদগাঁও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত কর্মসূচির মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নির্বাচিত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক, শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এসময় বক্তারা বলেন,দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
