
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।জানা গেছে, হাসপাতালের নিরাপত্তা জোরদার এবং চুরি, ছিনতাই, মাদকাসক্ত ও দালালদের দৌরাত্ম্য রোধে গত ২৩ জুন থেকে সেখানে আনসার সদস্য মোতায়েন করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কয়েকজনকে নজরদারিতে রাখা হয়।পরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, সিজার ও ব্লেডসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবন করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।আটকরা হলেন—রাজিব হোসেন (নারায়ণগঞ্জ সদর), সিয়াম শেখ, আমিন হাওলাদার, রাসেল শেখ ও দিপু সরদার (চারজনই খুলনা সদর এলাকার বাসিন্দা)।অভিযানে অংশ নেন এপিসি আবুল বাশার এবং আনসার সদস্য হাদিউজ্জামান ও রিপন মজুমদার।এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের এ অভিযানের প্রশংসা করে ভবিষ্যতেও একই ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
