
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান এর ব্যবস্থাপনায়, অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় কেশবপুরে ছানী রোগী বাছাই উপলক্ষে একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই-২৬) কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্যালয় অনুষ্ঠিত এই ক্যাম্প পরিচালনা করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের এ্যসিসট্যান্ট সার্জন ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান ও তার সহকারীবৃন্দ। সমাধান সংস্থার বিভিন্ন শাখাভুক্ত সমিতির সদস্যসহ উন্মুক্তভাবে চক্ষু রোগীদেরকে এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে চক্ষু পরীক্ষার পর অপারেশন উপলক্ষ্যে ছানী রোগী চিহ্নিত করা হয় এবং বাকি রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে ৭৭ জন ছানী ও ৮ জন অন্যান্য বিশেষ রোগী সনাক্ত করা হয় এবং তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য তাৎক্ষণিকভাবে শিরোমণি বাদামতলা খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে নিজস্ব গাড়ী যোগে নিয়ে যাওয়া হয়। চক্ষু অপারেশন শেষে আগামী ১১ জুলাই পুনরায় গাড়ী যোগে তাদের কেশবপুরে পৌঁছে দেয়া হবে। এই চক্ষু ক্যাম্পে মোট ১৭৮ জন রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলীসহ অন্যান্য কর্মকর্তা। কেশবপুর স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছে।
