
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বেড়েই চলেছে। গত ৯ ঘন্টায় দুধকুমার নদের পানি ২৫ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে কুড়িগ্রামের নদ-নদীর পানি আরও বৃদ্ধির সম্ভবনা রয়েছে। এতে স্বল্পমেয়াদী বন্য দেখা দিতে পারে। উপজেলা প্রশাসন বলেছে বন্য পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) সকাল ৯ টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৮৩ সেন্টিমিটার। গতকাল রোববার রাত ৯ টায় যা ছিলো ২৯ দশমিক ৫৮ সেন্টিমিটার। দুধকুমার নদে পানির বিপদ সীমা ২৯ দশমিক ৬০ সেন্টিমিটার। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। নদীর তীরে বসবাস করা মানুষের মাঝে বন্য ও ভাঙ্গন আতঙ্ক শুরু হয়েছে।দুধকুমার নদের তীরবর্তী ইসলামপুর এলাকার বাসিন্দা মুকুল ও রুবেল বলেন, পানি দ্রুত বাড়ছে, চরাঞ্চল তলিয়ে গেছে। লোকলয়ে পানি প্রবেশ করেছে। বন্যা দেখা দিয়েছে। নদী ভাঙন শুরু হতে পারে।উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। নদী তীরবর্তী জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য নৌকা প্রস্তুত আছে। শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী ৭২ ঘন্টায় জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
