
মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি:
মাগুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশবিরোধী অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জুন ২০২৬) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. আবু তাহের সবুজের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন মাগুরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ হাসান, মাগুরা পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ নবীর হোসেন, মাগুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ টিপু সুলতান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ঈমন মোল্লা এবং পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাছিম বিল্লাহ।এ সময় জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবু তাহের সবুজ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কিছু সদস্য বিভিন্নভাবে দেশবিরোধী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সচেতন থাকতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।বক্তারা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করতে জনগণকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।
