
মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়িসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার( ৯ জুন) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। পরে কালকিনি ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে তিনটি গবাদিপশু দগ্ধ হয় এবং একটি গাভী ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এতে প্রাথমিকভাবে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।কালকিনি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, ট্রিপল নাইন থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পরে জানানো হবে।এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্দশার মধ্যে রয়েছে। স্থানীয়রা তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
