
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় কালভার্টের নির্মাণ কাজ করতে গিয়ে পাহাড় থেকে ধসে পড়া মাটিতে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এ ঘটনা ঘটে।নিহত হলেন মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। একটি কালভার্টের নির্মাণ কাজ চলার সময় তাদের ওপর মাটি ধসে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, দরিয়ানগর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাসে যাওয়ার সড়কে একটি কালভার্টের নির্মাণ কাজ চলছিল। দুপুরে সেখানে নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ওপর হঠাৎ পাশের পাহাড়ের মাটি ধসে পড়ে। তাতে কয়েকজন শ্রমিক চাপা পড়ে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কালভার্টটির নির্মাণকাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রতিনিধি আবদুর রহিম মজুমদার বলেন, শ্রমিকেরা নিরাপত্তা বিধি মেনেই কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধসে দুজনের মৃত্যু হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই প্রায় এক মাস ধরে এই প্রকল্পে কাজ করে আসছেন।কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘গুরুতর অবস্থায় তিন শ্রমিককে সদর হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, ‘নিহত ব্যক্তিদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
