
স্টাফ রিপোর্টার,খুলনা:
ডুমুরিয়ায় স্বামীর নিজ বসতঘর পেট্রোল দিয়ে পুড়ানো আগুনে দগ্ধ স্ত্রী বিথী বেগম (২৯) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মিকশিমিল আমডাংগি এলাকায় আতিয়ার গাজীর ছেলে জনি গাজীর সঙ্গে শাহপুর এলাকার অফুর গাজীর মেয়ে বিথী বেগমের ৭ বছর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে একটি চার বছর ও দুই বছরের সন্তানও রয়েছে। জনি খর্ণিয়ায় একটি তেল পাম্পে কর্মচারীর কাজ করেন। অভাব অনটনের সংসারে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্ত্রীর সাথে তার প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। তারই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার দুপুরে জনি তার স্ত্রীর উপর অভিমান করে নিজ ঘরের বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বসতঘর পুড়াতে যায়। এ সময় তার স্ত্রী বিথী বেগম বাঁধা দিলে পেট্রোলের বোতল টানাটানির এক পর্যায়ে আগুন ছিটকে বিথীর শরীরে লেগে বিভিন্ন স্থানে ঝলসে যায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা আগুনে দগ্ধ ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া হাসপাতাল এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে বিথী বেগমের মরদেহ ময়না তদন্ত শেষে গতকাল বুধবার দুপুরে মৃতের বাবার বাড়ি শাহপুরে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। তার এ করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
