
ডেস্ক :
অদ্য ৮ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।সভায় সম্মানিত পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জীবনে এবং পেশাগত দায়িত্ব পালনে পরিবর্তন আনতে চাইলে প্রথমেই আমাদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে হবে। কারণ মানুষের চিন্তাই তার কাজকে পরিচালিত করে এবং সেই কাজই ভবিষ্যতের সাফল্য বা ব্যর্থতার পথ তৈরি করে। ইতিবাচক চিন্তা আত্মবিশ্বাস বাড়ায়, নতুন সুযোগ খুঁজে পেতে সাহায্য করে এবং কঠিন পরিস্থিতিতেও সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।তিনি আরও বলেন, অনেকেই মনে করেন সাফল্য মানেই সবকিছুর শেষ, আর ব্যর্থতা মানেই সব শেষ হয়ে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো সাফল্য কখনো শেষ নয় এবং ব্যর্থতা কখনো পরাজয়ের শেষ কথা নয়; প্রকৃত শক্তি হলো প্রতিকূলতার মাঝেও এগিয়ে যাওয়ার সাহস ধরে রাখা। ইতিহাসে দেখা যায়, যেসব মানুষ বারবার ব্যর্থ হয়েছেন, তারাই পরবর্তীতে বড় সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছেন। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটিকে শিক্ষা ও অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা উচিত।এছাড়াও তিনি ট্রাফিক সদস্যদের উদ্দেশ্যে বলেন, নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজের দায়িত্ব, দক্ষতা ও সম্ভাবনার উপর আস্থা রাখতে হবে। প্রত্যেক মানুষ আলাদা এবং প্রত্যেকের নিজস্ব সক্ষমতা রয়েছে। নিজের শক্তি ও সামর্থ্যকে কাজে লাগিয়ে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সাথে কাজ করলে সাফল্য অবশ্যই অর্জিত হবে।অতঃপর গত ১মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ২০ জন কনস্টেবল, ৫ জন এটিএসআই, ৪ জন সার্জেন্ট এবং ১ জন টিএসআইকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। তিনি আরও জানান, ভালো কাজের স্বীকৃতি প্রদান ও পুরস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
