
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান, তরুন আইনজীবি কামরুল ইসলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ০২ ব্যাচের বন্ধু, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত থেকে তরুন অ্যাডভোকেট কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা,অভিনন্দন জানান।বক্তারা বলেন, ঈদগাঁও উপজেলার একজন কৃতি সন্তান হিসেবে অ্যাডভোকেট কামরুল ইসলামের ডেপুটি অ্যাটর্নি জেনারেলে নিয়োগ শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি ঈদগাঁও তথা কক্সবাজারবাসীর জন্যও গর্বের বিষয়। তাঁর এই অর্জনে এলাকার তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং জাতীয় পর্যায়ে ঈদগাঁওর পরিচিতি আরও উজ্জ্বল হবে।জানা যায়, ৩০ জুলাই ২০২৬ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তরুন অ্যাডভোকেট কামরুল ইসলামকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে দেশে ৮৬জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পান। অ্যাডভোকেট কামরুল ইসলামের পিতা নূরুল ইসলাম। তাঁর বাড়ি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এক জন সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনগত দায়িত্বে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে গৌরবের। তাঁর এই সাফল্য প্রমাণ করে, মেধা, অধ্যবসায়, সততা ও যোগ্যতা থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছানো সম্ভব।
