
অনুপম মল্লিক, ডুমুরিয়া, খুলনা থেকে কিছু মানুষ চলে গেলেও তাঁদের কণ্ঠ, কর্ম আর স্মৃতি কখনো হারিয়ে যায় না। তাঁরা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে, স্মৃতির পাতায়, জীবনের নানা মুহূর্তে। তেমনই একজন প্রিয় মানুষ ছিলেন সৈয়দ আবদুল মতিন।তুমি নেই, মতিন ভাই! ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। আজও কানে ভেসে আসে আপনার সেই পরিচিত, সুমিষ্ট কণ্ঠস্বর। মনে হয়, এই বুঝি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে ভেসে আসবে আপনার কণ্ঠে কৃষিবিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান।একসময় খুলনা অঞ্চলের অসংখ্য শ্রোতার কাছে বাংলাদেশ বেতারের কৃষিবিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান ছিল অত্যন্ত জনপ্রিয় ও প্রত্যাশিত একটি অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হতো সেই অনুষ্ঠান। কৃষক, কৃষি ও গ্রামীণ জনজীবনের নানা সমস্যা, সম্ভাবনা এবং কৃষির আধুনিক প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হতো অনুষ্ঠানে। তখনকার সময়ে অনুষ্ঠানটি ছিল কৃষিজীবী মানুষের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।আর সেই অনুষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন সৈয়দ আবদুল মতিন। তাঁর সাবলীল উপস্থাপনা, আন্তরিক কথাবার্তা ও সুমিষ্ট কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করত। তিনি শুধু একজন বেতার কর্মকর্তা ছিলেন না, ছিলেন কৃষি ও কৃষকের প্রতি নিবেদিতপ্রাণ একজন মানুষ।বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাবেক কৃষিবিষয়ক আঞ্চলিক পরিচালক হিসেবে তাঁর দায়িত্ব পালন, কর্মনিষ্ঠা ও আন্তরিকতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল। তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছেন, যাঁরা তাঁকে কাছ থেকে দেখেছেন কিংবা বেতারের মাধ্যমে তাঁর কণ্ঠ শুনেছেন, তাঁদের স্মৃতিতে তিনি আজও উজ্জ্বল
