
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নাপিতখালী বটতলী এলাকায় একটি গণশৌচাগারে সন্তান প্রসবের পর নবজাতককে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে প্রসব-পরবর্তী অসুস্থতা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ঐ নারী নবজাতকের মা হিসেবে শনাক্ত হয়েছেন।স্থানীয় সূত্র মতে, নাপিতখালী বটতলী এলাকার একটি গণশৌচাগারে অজ্ঞাতপরিচয় এক নারী সন্তান প্রসব করেন। প্রসবের পরপরই নবজাতককে শৌচাগারে রেখেই তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন শৌচাগার থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পেয়ে দ্রুত এগিয়ে যান এবং তাকে উদ্ধার করেন।এদিকে সন্তান প্রসবের পর শারীরিক জটিলতা ও অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দেওয়ায় ওই নারী চিকিৎসার জন্য ঈদগাঁওর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থা এবং ঘটনার পারিপার্শ্বিক বিষয় নিয়ে সন্দেহ তৈরি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে নাপিতখালীতে নবজাতক ফেলে যাওয়ার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ পায়।বর্তমানে উদ্ধার হওয়া নবজাতক ও ঐ নারী উভয়েই চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।তবে কী কারণে এ নারী এমন পরিস্থিতির শিকার হলেন এবং নবজাতককে শৌচাগারে ফেলে চলে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
