
কয়রা (খুলনা) প্রতিনিধি:খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল বাজারে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা শাহিনুর ইসলাম টুটুল । ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেছেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।সোমবার (৯ নভেম্বর) কয়রা সাংবাদিক ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত রোববার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘড়িলাল বাজারে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।তিনি অভিযোগ করেন, ঘটনাটিকে কেন্দ্র করে একটি বিশেষ মহল রাজনৈতিক উদ্দেশ্যে জলঘোলা করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বক্তব্যের সূত্র ধরে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকনের বক্তব্যের অংশবিশেষ ব্যবহার করে তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্যসচিব ও সভাপতি এবং কয়রা থানা ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের স্থানীয় পর্যায়েও দায়িত্ব পালন করেছেন।লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রেখেছেন। মারামারি, জুলুম, ভাঙচুর কিংবা লুটপাটের রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে প্রচার না করার অনুরোধ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সত্য ও ন্যায়ের জয় হবে বলে তিনি বিশ্বাস করেন।
