
নিজস্ব প্রতিবেদক, খুলনা
আইনি জটিলতা ও নানা ধরনের বাধাবিঘ্ন কাটিয়ে দীর্ঘ ১২ বছর পর কঠোর নিরাপত্তার মধ্যে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে সভাপতি পদে এনটিভির খুলনা অফিস প্রধান আলহাজ্ব আবু তৈয়ব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রাজু আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন:
সহ-সভাপতি: মাসুদুর রহমান রানা (বার্তা সম্পাদক, দৈনিক সময়ের খবর)
সহ-সাধারণ সম্পাদক: ফকির শহিদুল ইসলাম (খুলনা প্রতিনিধি, দৈনিক দিনকাল)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: খাইরুল আলম (রিপোর্টার, দৈনিক সময়ের খবর)
কার্যনির্বাহী সদস্য: হাসান আহমেদ মোল্লা (চিফ রিপোর্টার, দৈনিক তথ্য), কনক রহমান (ব্যুরো প্রধান, ৭১ টেলিভিশন খুলনা), এস এম মাহবুবুর রহমান (খুলনা গেজেট), ডি এম রেজা সোহাগ (দৈনিক প্রবর্তন) এবং রামিম চৌধুরী (এখন টেলিভিশন)।
