
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদ্রাসার পাশ থেকে মাটিচাপা দেয়া মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে ১টার মধ্যে স্থানীয়রা দেখেন রাস্তার পাশের একটি গর্তে কুকুর মাটি খুঁড়ছে। সন্দেহ হলে কাছে গিয়ে তারা ব্যান্ডেজ করা অবস্থায় মানুষের পায়ের অংশ দেখতে পান। পরে খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা-টি উদ্ধার করে।স্থানীয়দের ধারণা, পা-টি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, পিবিআই এবং ফরেনসিক টিমের সদস্যরা। তারা আলামত সংগ্রহ ও বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করেন।প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া পা-টি একজন পুরুষের এবং সেটি কোনো বয়স্ক ব্যক্তির হতে পারে। পা-টি অনেক আগে কাটা হয়ে থাকতে পারে এবং দীর্ঘদিন মাটির নিচে থাকায় পচে যাওয়ার লক্ষণ দেখা গেছে।লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাংগ্রিন, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে অস্ত্রোপচারের মাধ্যমে পা-টি কেটে ফেলা হয়ে থাকতে পারে। হাসপাতালে অস্ত্রোপচারের পর সেটি বর্জ্য হিসেবে অনিরাপদভাবে ফেলে দেয়া হয়েছে বা অন্যভাবে সেখানে রাখা হয়েছে, এমন সম্ভাবনাও রয়েছে।ওসি আরও বলেন, এ ধরনের ঘটনা এলাকায় অযথা চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করে। উদ্ধার হওয়া পা-টি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।মাদ্রাসার পাশে এভাবে কাটা পা পাওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়রা আতঙ্কিত। তারা দ্রুত প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
