
ডেস্ক :
খুলনার রূপসা উপজেলায় ছেলেকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা করা হয়েছে।সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে বলে রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ জানান। নিহত আক্তার ঢালী (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা।এর আগে ১৫ অগাস্ট সন্ধ্যায় দুর্জনীমহলের শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছিল।পুলিশের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর রূপসা উপজেলায় ১২টি হত্যার ঘটনা ঘটেছে।নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে একটি চায়ের দোকানে বসে লোকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আক্তার ঢালী। এ সময় মোটরসাইকেলে করে এসে হেলমেট পরা লোকজন তাকে গুলি করে।পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে বেঞ্চের পাশে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।আক্তার ঢালীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
