
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনা নগরীর ব্যস্ততম টুটপাড়া এলাকায় দিনেদুপুরে গুলির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মাসুদ শেখ (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্যে এমন গুলির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।গুলিবিদ্ধ মাসুদ শেখ খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত দুলু শেখের ছেলে। কাজের প্রয়োজনে তিনি নগরীর টুটপাড়া এলাকায় এসেছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে টুটপাড়া মোড়ের কাছাকাছি মাসুদ শেখ দাঁড়িয়ে ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা ২-৩ জন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি ছোড়ে। একটি গুলি এসে লাগে তার গলার ডান পাশে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দৌড়ে পালাতে থাকেন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।গুলিবিদ্ধ অবস্থায় মাসুদ নিজেই তার চাচাতো ভাইকে ফোন দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনরা দ্রুত এসে তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে মাসুদ শেখ খুমেক হাসপাতালের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক তবে স্থিতিশীল।এখন পর্যন্ত কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি করেছে তা জানা যায়নি। তবে এটি পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।এলাকাবাসী বলছেন, টুটপাড়ার মতো ব্যস্ত এলাকায় দিনেদুপুরে এমন গুলির ঘটনা মেনে নেওয়া যায় না। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
