
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবার চালান আটক করা হয়।আটককৃতরা হলো– ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা এবং এটি এ যাবত কালে কুমিল্লায় আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান। ওসি শামছুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
