
ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধুপুরিয়া গ্রামে বসতঘর থেকে মা ও চার বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কনিকা আক্তার (২২) ও তাঁর মেয়ে রাজিয়া।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে কনিকার সঙ্গে রাজমিস্ত্রি রাজীব হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সকালে কনিকা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাঁকে ফিরিয়ে আনেন। পরে তিনি মেয়েকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা দরজা ভেঙে প্রবেশ করেন। সেখানে কনিকাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং মেয়ে রাজিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
