
ডেস্ক :
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ধর্ষক রবিউল শিকদার ওরফে রবি (৩২) পলাতক রয়েছে।সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়াপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু মোসা: জান্নাতুল খানম স্থানীয় মফিজুর রহমানের মেয়ে। অভিযুক্ত রবিউল একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫টার দিকে প্রতিবেশী রবিউল কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষী ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
