
মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ফায়ার ফাইটার সাইদুর রহমানকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে স্থানীয় জনতা শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে পুলিশ।আটকের পর তিনি তার এক সহকর্মীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আটকের পর সাইদুর রহমান দাবি করেন, তার ব্যাচমেট ইমরান হোসেনও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের পক্ষান্তরে, অভিযোগের বিষয়ে ইমরান হোসেনর কাছে জানতে চাইলে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।এদিকে, শ্রীপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার শামসুর রহমানও সাংবাদিকদের এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিমিয়া বলেন, জনতা সাইদুর রহমানকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে একটি বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস কার্যালয়ে তার ব্যবহৃত বেডে তল্লাশি চালানো হলেও সেখানে আর কোনো ইয়াবা উদ্ধার হয়নি।পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে, তথ্য-প্রমাণের ভিত্তিতে সাইদুর রহমানকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
