
ডেস্ক :
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি দুটি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেখানে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে একটি চায়না রাইফেল ও বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে।বৃহস্পতিবার (২১ মে) পানছড়ির লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অভিযান চালানো হয়। খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র কর্মীদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি বিশেষ সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অভিযান শুরু করে।অভিযান পরিচালনাকালে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে টহল দলকে লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে। জবাবে সেনা সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হটে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বন্দুকযুদ্ধের ঘটনায় কোনো সেনা সদস্য হতাহত হননি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।অভিযান শেষে ঘটনাস্থল তল্লাশি করে একটি আধুনিক চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড তাজা গুলি, দুটি এফসিসি এবং সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, খাগড়াছড়ি জোনের আওতাধীন কোনো এলাকায় চাঁদাবাজ ও সশস্ত্র সন্ত্রাসীদের ঠাঁই দেওয়া হবে না। যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
