
নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এরই ধারাবাহিকতায় ১ নম্বর আজগড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মোল্লার ব্যতিক্রমী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) বিকেলে আমতলা মোড় থেকে শুরু হওয়া এই শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল ও দুই শতাধিক ভ্যানের অংশগ্রহণে শোডাউনটি রূপ নেয় এক বড় ধরনের জনসমাগমে, যা এলাকায় নির্বাচনী আমেজকে আরও তীব্র করে তোলে।শোডাউনের অগ্রভাগে লাল রঙের একটি মোটরসাইকেলে দাঁড়িয়ে ইলিয়াস মোল্লা হাত নেড়ে পথচারী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষও তাকে হাত নেড়ে স্বাগত জানান। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তার সহজ-সরল আচরণ ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে তিনি শক্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।শোডাউনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কর্মী-সমর্থকসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে আজগড়া ইউনিয়নে নির্বাচনী উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে।রাজনৈতিক অঙ্গনে ইলিয়াস মোল্লা খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির আস্থাভাজন হিসেবে পরিচিত। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের মতে, এই শোডাউনের মাধ্যমে নির্বাচনের আগেই নিজের শক্ত অবস্থান ও জনসমর্থনের একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন ইলিয়াস মোল্লা। এখন দেখার বিষয়, সেই সমর্থন ভোটের মাঠে কতটা প্রভাব ফেলে।
