
ডেক্স : অদ্য ০৭ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন। অত:পর খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব মোকাবেলায় সকলকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এ প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ, জ্বালানি ও ভ্রমণসহ সকল খাতে ব্যয় সংযম ও সাশ্রয়ী ব্যবহার অপরিহার্য। তিনি অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী আর্থিক ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সম্ভাব্য বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলায় দায়িত্বশীলতা, সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টা অত্যাবশ্যক। সরকারি পরিপত্র অনুযায়ী নির্দেশনা বাস্তবায়ন, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে বাহিনীর কার্যক্রম আরও কার্যকর ও টেকসই রাখা সম্ভব।
তিনি সকল সদস্যের মতামত গ্রহণ করেন এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
