
নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:রাজধানীসহ সারা দেশে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার।কম্পন অনুভূত হয়েছে রাজধানী ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকায়ও কম্পন টের পাওয়া যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
