
ডেস্ক : কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাস টার্মিনাল এলাকার ‘দি গ্র্যান্ড ঢাকা’ আবাসিক হোটেলের ৪০১ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর বাসিন্দা। মরদেহ উদ্ধারের পর তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।হোটেল ম্যানেজার জিন্টু বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার সকাল ১১টার দিকে চেকআউটের সময় পার হয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের হননি। পরে হোটেল কর্তৃপক্ষ দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।পুলিশ কক্ষের দরজা খুলে ভেতরে আতাউল কবিরের মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর আগে ওই পুলিশ সদস্যের সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
