
ডেস্ক :
খুলনার তেরখাদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মো. আয়ান শেখ (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরের দিকে উপজেলার আজগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আয়ান তেরখাদা উপজেলার ১নং আজগড়া ইউনিয়নের আজগড়া গ্রামের বাসিন্দা মো. দীন ইসলাম শেখের ছোট ছেলে। দীন ইসলামের তিন ছেলের মধ্যে আয়ান ছিল সবার ছোট। এছাড়া আয়ান শেখ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের মোল্লা জাহাঙ্গীর আলমের বড় শালীর ছোট ছেলে।স্থানীয়রা জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় আয়ান। আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আয়ানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আজগড়া গ্রাম।দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তেরখাদা থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
