
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। শনিবার (২০ জুন-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ (৫০) এবং ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস (৫৪)।থানা সূত্রে জানা গেছে, থানা পুলিশ গত শনিবার রাতে উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত আফছার আলী সানার ছেলে মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ এবং সাতবাড়িয়া গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস-কে গ্রেফতার করে।উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা গত বৃহস্পতিবার (১১ জুন-২৬) উপজেলার পরচক্রা ও সোনাতলা নামকস্থানে সড়কের উপরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা এবং ভাইরাল হয়। এ ঘটনায় উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে ইতিপূর্বে ৯ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করেছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত রাখেন। সেই অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে মাসুদুজ্জামান ও আব্দুর রশিদ বিশ্বাস কে গ্রেফতার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান এবং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান রয়েছে।
