
নিজস্ব প্রতিবেদক:
তেরখাদা উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজ মাঠে অনুষ্ঠিত তেরখাদা ক্রিকেট লিগের বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল ম্যাচে নাটকীয় পরিণতির মধ্য দিয়ে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে শরীফ ফার্নিচার গোপালগঞ্জ ক্রিকেট একাদশ ও বালাম ভৌমিক জুয়েলার্স কালিয়া।সোমবার (৪ মে) বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে শুরু হওয়া ফাইনাল ম্যাচটি শেষ মুহূর্ত পর্যন্ত ছিল চরম উত্তেজনায় ভরপুর। তবে আম্পায়ারিং সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ও সময়ক্ষেপণের কারণে সন্ধ্যার অন্ধকার নেমে এলে ম্যাচটি অসমাপ্ত থেকে যায়। পরে টুর্নামেন্ট কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্তে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শরীফ ফার্নিচার গোপালগঞ্জ ক্রিকেট একাদশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১৭৩ রানের বিশাল সংগ্রহ গড়ে বালাম ভৌমিক জুয়েলার্স কালিয়া।জবাবে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই চালিয়ে যায় গোপালগঞ্জ। ম্যাচের শেষ দিকে জয়ের জন্য যখন ৯ বলে প্রয়োজন ছিল ২০ রান, তখন সপ্তম ব্যাটসম্যানের আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে আম্পায়ার ও খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এতে দীর্ঘ সময় নষ্ট হলে সন্ধ্যার অন্ধকারে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।পরিস্থিতি বিবেচনায় নিয়ে টুর্নামেন্ট কমিটি কোনো পক্ষকে বিজয়ী ঘোষণা না করে দুই দলের দুর্দান্ত পারফরম্যান্সকে সম্মান জানিয়ে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। এ সিদ্ধান্তে মাঠে উপস্থিত দর্শকরাও সন্তোষ প্রকাশ করেন।টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন কালিয়ার বিশ্বজিৎ। তিনি মাত্র ৩৭ বলে ৩টি চার ও ১৫টি ছক্কার সাহায্যে ১০৭ রানের বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে গোপালগঞ্জের ইমন পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে সেরা বোলার ও সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতি অর্জন করেন।ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা যুবদলের সভাপতি মোল্লা হুমায়ূন কবির, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু,গোলাম মোস্তফা ভুট্টো, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর,শেখ রাজু আহমেদ,রাজু চৌধুরী, শেখ জাহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া গোপালগঞ্জ শরীফ ফার্নিচারের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাসান এবং শরীফ ফার্নিচার গোপালগঞ্জ ক্রিকেট একাদশের অধিনায়ক আরমান খানও মাঠে উপস্থিত ছিলেন।মাদক ও মোবাইল আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান ও সফল আয়োজনের নেতৃত্ব দেন স্থানীয় ক্রীড়াব্যক্তিত্ব ক্রিকেটার কাশেম। তিনি টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করা সকল দর্শক, খেলোয়াড় ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তেরখাদা সুপার চার্জার ক্রিকেট টিমের আয়োজনে অনুষ্ঠিত এ ক্রিকেট আসর স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
