
ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি :
শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে ২১ জানুয়ারি বুধবার সকালে দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পর্যায়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন প্রোগামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা ইনচার্জ শাহ্ আলম, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত।
কর্মসূচীর শুরুতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল ইসলাম শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্যসহ মানব পাচারের শিকার নারী-পুরুষকে সম্মান দেখানোসহ তাদের মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করতে সচেষ্ট থাকার বিষয়ে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ শেষে “স্বাক্ষরে প্রতিবাদ, মানব পাচার নিপাত যাক” এই প্রতিপাদ্যে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গণস্বাক্ষর শেষে শিক্ষার্থীদের ভিডিও ডক্যুমেন্টারি দেখানো হয়। এছাড়া “মানব পাচার একটি অপরাধ-প্রতিরোধ আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সমাপনী পর্বে থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই ধরণের ক্যাম্পেইন আয়োজনের শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার বিষয়ে সচেতনতা তৈরি হবে। এ সচেতনতা পরবর্তীতে তাদের পরিবার ও আশেপাশের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়বে। এছাড়াও শিক্ষাথীরা এ ধরণের প্রচারাভিযানে যুক্ত থাকার ফলে তারা নিজেরাও তাদের ভবিষ্যত সম্পর্কে সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা কঠোর আইন প্রযোগ, সচেতনতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন; তারা পাচার রোধে সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ ভূমিকা, পাচারকারীদের কঠোর শাস্তি এবং তথ্যের অবাধ আদান-প্রদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থার কথা বলেন।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় রিমু, চৈতী, সেজুতি,নাবিদ হোসেন, নন্দীতা পাল এবং ক্যাম্পেইন সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে আকলিমা,রুমানা,তাসিন,কানিজ ফাতেমা, নাবিদ হোসেন খাঁন বিজয়ী হন।
ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ওয়াহিদ মুরাদ,এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, সিটিআইপি সদস্য আকিব হোসেন, মাবিয়া খাতুন, কমিউনিটি ফ্যাসিলেটেটর মিতা মজুমদার প্রমুখ।
