
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে বৃহত্তর ইউছুফেরখীলের (৫ ও ৬ নম্বর ওয়ার্ড) ঐক্য, সম্প্রীতি ও সামাজিক অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।২০শে নভেম্বর (শুক্রবার) রাত ৮টায় বৃহত্তর ইউছুফেরখীলে মরহুম জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ও নাগরিক ফোরাম পরিচালনা কমিটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মরহুম জাফর আলমের পক্ষ থেকে বৃহত্তর ইউছুফেরখীলের সর্বস্তরের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে তাঁর জ্যেষ্ঠ সন্তান প্রফেসর ডাঃ ওমর পারভেজ রোমেলের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে এ আয়োজন সম্পন্ন করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের মাঝে নয়টি ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ক্যাটাগরিগুলো হলো, মরণোত্তর সম্মাননা,ইমাম ও মুয়াজ্জিন সম্মাননা,গুণীজন সম্মাননা, কৃতী সন্তান সম্মাননা,বিশিষ্ট ক্রীড়াবিদ সম্মাননা, শ্রেষ্ঠ কৃষক সম্মাননা,শ্রেষ্ঠ শ্রমজীবী সম্মাননা,শ্রেষ্ঠ অটোচালক সম্মাননা, রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা।অনুষ্ঠানে ইসলামাবাদ ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ সেলিম উল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আজিম আহমদ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম জাফর আলমের জ্যেষ্ঠ সন্তান প্রফেসর ডাঃ ওমর পারভেজ রোমেল, মেজ সন্তান আনোয়ার পারভেজ রুমেল, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মাস্টার নুরুল ইসলাম, মাস্টার ছানাউল্লাহ, মাওলানা ফারুক, জাফর আলম, জহির, আব্দুল জলিল, ডাক্তার সেলিম ও প্রফেসর জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, বৃহত্তর ইউছুফেরখীলের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্মও ভালো কাজে উৎসাহিত হবে।অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ডাঃ ওমর পারভেজ রোমেল। পরিচালনা পরিষদের সভাপতি জহিরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং দপ্তর সম্পাদক নুরুল আজিম আহমদ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক ইসলামাবাদী।
