
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া: দীর্ঘদিনের ভোগান্তি ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে আজ মঙ্গলবার (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজার থেকে থুকড়া পর্যন্ত সড়কের সংস্কারকাজ। স্থানীয় সংসদ সদস্য আলী আজগর লবীর আন্তরিক প্রচেষ্টায় প্রায় তিন কিলোমিটার সড়কের অসমাপ্ত কাজ পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে সরকারি বরাদ্দ রয়েছে প্রায় তিন কোটি টাকা।স্থানীয় সূত্রে জানা যায়, নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে সড়কটির নির্মাণকাজ বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী ও যাত্রীরা। এমনকি খুলনা বিএল কলেজগামী শিক্ষার্থীদের বহনকারী যান চলাচলেও বিঘ্ন ঘটে।ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা জানান, সড়কের প্রয়োজনীয় নির্মাণসামগ্রী শাহপুর গরুহাটের পাশে রাখা হয়েছে। রোলারও পৌঁছেছে। পূর্বের ঠিকাদারের মাধ্যমেই বাকি কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।ঠিকাদার মো. আবু হাসান জানান, অতিবৃষ্টি ও নির্মাণসামগ্রীর অতিরিক্ত ব্যয়ের কারণে কাজটি বিলম্বিত হয়েছে। ২ নভেম্বর থেকে পুনরায় কাজ শুরু করে অসমাপ্ত অংশ সম্পন্ন করার আশা করছেন তিনি।ডুমুরিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক এফএম নুরুন্নবী খোকা বলেন, শাহপুর থেকে দৌলতপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি।দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কটির কাজ পুনরায় শুরু হওয়ার খবরে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। এখন এলাকাবাসীর প্রত্যাশা—প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটিয়ে নির্ধারিত মান বজায় রেখে দ্রুত শেষ হবে সড়কের সংস্কারকাজ।
