
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন।পরিদর্শনকালে প্রশাসক হাসপাতালের বিভিন্ন রোগীদের চিকিৎসার বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় ওষুধ ও সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের কাছে সেবার মানের বিষয়ে জানতে চান এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, রোগীদের সেবায় যেন কোনো ধরনের অবহেলা না হয় , সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে।হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জনাব নজরুল ইসলাম মঞ্জু বলেন, “হাসপাতালের বাথরুম ও এর আশেপাশের সমস্ত চত্বর সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত রাখতে হবে। স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীর সুস্থতার জন্য পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত জরুরি।”এছাড়া, হাসপাতালের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির বিষয়েও তিনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি হাসপাতাল ভবনের সামনের দুই পাশের জায়গাগুলোতে সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত হাতে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপদেশ দেন, যাতে সেবা নিতে আসা মানুষ ও দর্শনার্থীরা একটি মনোরম পরিবেশ পান।পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাতে প্রশাসক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং কেসিসির পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
