
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের গজালিয়ায় ফরমালিনমুক্ত সবুজ তাজা সবজি সমারোহ যেন চোখে পড়ার মতো। দেখা যায়, কৃষকের কষ্ট আর ঘামে ফলানো সবজি এখন গজালিয়ার বাবু বাজারে। সকাল থেকে বাজার জুড়ে কৃষক ও ক্রেতাদের ব্যস্ততা। সারি সারি সাজানো সবুজ সবজিতে মুখরিত বাজার। বাজারে সবজির সমারোহ থাকলেও উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পেয়ে হতাশা প্রান্তিক কৃষকরা। বুধবার সকালে এ দৃশ্য চোখে পড়ে। কৃষকদের অভিযোগ, একদিকে সার, কীটনাশক ও উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে বাজারে সবজির দাম কমে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না তাঁরা। দিনরাত পরিশ্রম করে ফসল ফলিয়েও অনেক ক্ষেত্রে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে।রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জমিতে ফসল ফলান কৃষকেরা। তাঁদের অক্লান্ত পরিশ্রমেই সাধারণ মানুষের খাবারের টেবিলে পৌঁছে যায় তাজা শাকসবজি। অথচ সেই কৃষকেরাই নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।বাজারে ক্রেতাদের আনাগোনা ও সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কৃষকের মুখে নেই স্বস্তির হাসি। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সবজির ন্যায্য দাম নিশ্চিত করা না গেলে কৃষিকাজে আগ্রহ হারাতে পারেন বহু প্রান্তিক কৃষক।কৃষকের ঘামে যে ফসল মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে, সেই ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। কৃষকের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন এবং বাজারব্যবস্থায় ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমে তাঁদের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনার প্রত্যাশা স্থানীয় কৃষকদের।আরো জানা যায়, সবুজ সবজি যেন কৃষকের পরিশ্রম, স্বপ্ন আর বেঁচে থাকার এক মাধ্যম।সবুজের আড়ালেই লুকিয়ে আছে কৃষকের বুক ভরা দীর্ঘশ্বাস! একদিকে আকাশছোঁয়া সার ও কীটনাশকের দাম, অন্যদিকে উৎপাদিত সবজির দরপতন। ঈদগাঁও স্টেশন এলাকায় ভ্রাম্যমান সবজি বিক্রেতা মুসলিম ও রশিদসহ আরো অনেকে জানান, চলমান মৌসুমে তাজা সুস্বাদু সবজি ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হচ্ছে। ঝিঙা কেজি প্রতি ৪০ টাকা, তবে অন্যান্য সবজির দামও কিন্তু কম।
হেনাসহ কয়জন ক্রেতা জানান,শীত মৌসুমে তাজা সবজির দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে। সবখানে মিলছে টাটকা সবুজ সবজি।
