
ঈদগাঁও নিজস্ব প্রতিনিধি:এম আবু হেনা সাগর,
কক্সবাজারের ঈদগাঁওয়ের সড়ক-মহাসড়কে অনুমোদনহীন ও অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। এসব যানবাহনের অবাধ উৎপাদন ও বাজারজাতের কারণে সড়কে যানজট, দুর্ঘটনা ও বিশৃঙ্খলা বাড়ার পাশাপাশি দূরপাল্লার গণপরিবহন ব্যবস্থাপনাতেও তৈরি হচ্ছে নানান সমস্যা।ঈদগাঁও উপজেলার বিভিন্ন সড়ক- উপসড়কে ব্যাপকভাবে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন। এসব যানবাহনের অনেক গুলোর নেই যথাযথ নিবন্ধন, রুট পারমিট কিংবা চালকের প্রশিক্ষণ। ফলে সড়কে নিয়ম না মেনে চলাচলের প্রবণতা বাড়ছে। অপরদিকে অতিরিক্ত যানবাহনের কারনে ঈদগাঁও বাজার ও বাসস্টেশনের বিভিন্ন পয়েন্ট ঘন ঘন যানজট লেগে যায়। যার কারনে চলাচলে ভোগান্তি পড়ছেন পথচারী, চাকরীজিবী, ছাত্র ছাত্রীসহ জরুরী কাজকর্মে যাওয়া লোকজন।জিয়া, আবদু শুক্কুরসহ কয়েকজন পথচারী জানান, মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়া ব্যাটারী চালিত তিনচাকার যানবাহন নিয়ন্ত্রণে আনা জরুরী বটে। ছোট-বড় দূর্ঘটনা রোধকল্পে অদক্ষ চালকরা যাতে এসব যানবাহনে বসতে না পারে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখাও প্রয়োজন। শুধু সড়ক থেকে ব্যাটারিচালিত গাড়ি উচ্ছেদ বা জরিমানা করলে সমস্যার সমাধান হবেনা। উৎপাদনের জায়গাতে সমস্যা চিহ্নিত করা দরকার। ব্যাটারিচালিত যানবাহন অনেক মানুষের কর্মসংস্থান ও স্বল্প আয়ের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তাই হঠাৎ করে যানবাহন বন্ধ না করে বাস্তবসম্মত নীতিমালার মাধ্যমে ধাপে ধাপে ব্যবস্থা গ্রহণের দাবী সচেতন মহলের। তাহেরসহ অন্যরা জানান, দুর্ঘটনা কমাতে চালকদের প্রশিক্ষণ, গাড়ির ফিটনেস, নির্ধারিত সড়কে চলাচল নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের যোক্তিক দাবী।ব্যবসায়ী ছৈয়দ করিম জানান, প্রশিক্ষনবিহীন চালক ও অল্প বয়সী তরুনরা যানবাহন চালনার কাজে নিয়োজিত থাকায় নানা সময় ও বিভিন্ন ক্ষেত্রে দূর্ঘটনার শিকার হচ্ছে। এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরী।
