
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেন ও জমিজমা সংক্রান্ত মামলা-মোকদ্দমা সমাধানের কথা বলে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত ও আইনগত প্রতিকারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন।শনিবার বেলা ১টায় বটিয়াঘাটা প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনুস হাওলাদার, সভাপতি, শ্রমিক দল, ২ নম্বর ইউনিয়ন, বটিয়াঘাটা।
লিখিত বক্তব্যে ইউনুস হাওলাদার অভিযোগ করেন, বটিয়াঘাটা থানা শ্রমিক দলের সভাপতি হেলাল শেখ বিভিন্ন সময় ব্যবসায়িক কথাবার্তা এবং জমিজমা সংক্রান্ত মামলা-মোকদ্দমা সমাধানের আশ্বাস দিয়ে তার কাছ থেকে মোট ২০ লাখ ৪২ হাজার ১০৩ টাকা গ্রহণ করেন। একইভাবে শ্রমিক দলের সেক্রেটারি মৃত্যুঞ্জয়ের কাছ থেকেও ১ লাখ ১৬ হাজার টাকা নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার পর তাদের কোনো ব্যবসায়িক লভ্যাংশ দেওয়া হয়নি। পরবর্তীতে তারা নিজেদের দেওয়া ব্যবসায়িক মূলধন ফেরত চাইলে হেলাল শেখ তাদের বিভিন্নভাবে ভয়ভীতিও হুমকি-ধামকি প্রদান করেন বলে অভিযোগ করেন ইউনুস হাওলাদার।তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে খুলনা জেলা বিএনপির শ্রমিক দলের সভাপতি ও বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি। টাকা ফেরত না পাওয়ায় ধারদেনা করে অর্থ দেওয়া ভুক্তভোগীরা বর্তমানে আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন বলেও সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়।
ইউনুস হাওলাদার অভিযোগ করেন, পাওনা টাকা ফেরত চাওয়ায় হেলাল শেখ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও হয়রানিমূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিগোচরে এনে তদন্তপূর্বক তাদের পাওনা টাকা ফেরত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
